নিজস্ব প্রতিবেদক, যশোর:পলাতক ও ফেরারি আসামি, অপরাধীদের অবৈধ সীমান্ত পারাপার এবং দুষ্কৃতকারীদের অপতৎপরতায় দেশে অস্থিতিশীলতা সৃষ্টির আশঙ্কা মোকাবিলায় সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ লক্ষ্যে টহল ও জনবল বৃদ্ধি, গোয়েন্দা নজরদারি জোরদার, বিশেষ চেকপোস্ট স্থাপন এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) আয়োজিত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়।
সভায় জানানো হয়, ঝুঁকিপূর্ণ সীমান্ত পয়েন্টগুলোতে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনার জন্য অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। দিন-রাত অবৈধ অনুপ্রবেশ শনাক্ত করতে নাইট ভিশন ও থার্মাল ক্যামেরা, ড্রোন, সিসি ক্যামেরা, সার্চলাইট, নাইট ভিশন গগলস ও বাইনোকুলারসহ আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে।
এ ছাড়া পলাতক আসামি ও অপরাধীদের গতিবিধি এবং তাদের সহায়তাকারী দালাল চক্রের তৎপরতা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তসংলগ্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। অবৈধ অস্ত্র প্রবেশ, মানবপাচার ও অবৈধ সীমান্ত পারাপার ঠেকাতেও কঠোর অবস্থান নিয়েছে বিজিবি।
সীমান্ত নিরাপত্তা জোরদারে পুলিশ ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে তথ্য আদান-প্রদান এবং সমন্বিত কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় মাইকিং ও মতবিনিময় সভার মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের সচেতন করা হচ্ছে।
মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রতি গুজব ও অপপ্রচার প্রতিরোধে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ, সন্দেহভাজন ব্যক্তিদের বিষয়ে জনসচেতনতা সৃষ্টি এবং অবৈধ সীমান্ত পারাপারের রুট ও মানবপাচারকারী দালাল চক্র সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতার অনুরোধ জানানো হয়।
বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, সীমান্ত এলাকায় অপরিচিত বা সন্দেহভাজন কাউকে আশ্রয় দেওয়া কিংবা অবৈধ পারাপারে সহায়তা করা থেকে বিরত থাকতে হবে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সভায় জানানো হয়, সীমান্ত অপরাধ, পলাতক ও ফেরারি আসামিদের অবৈধ পারাপার এবং আইনশৃঙ্খলা-সংক্রান্ত যেকোনো তথ্য জানাতে বিজিবির নির্ধারিত হটলাইন ০১৭৬৯৬০৪১১৫ নম্বরে যোগাযোগ করা যাবে। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং তথ্যদাতাকে বিশেষ পুরস্কার দেওয়ার ব্যবস্থাও রয়েছে।
বিজিবির পক্ষ থেকে বলা হয়, সীমান্তবর্তী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নজরদারি আরও কঠোর করা হয়েছে। ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে দিন-রাত বিশেষ টহল এবং গোয়েন্দা কার্যক্রম পরিচালিত হচ্ছে। রাতে নজরদারি বাড়াতে গুরুত্বপূর্ণ স্থানে সার্চলাইট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে।
বিজিবির পক্ষ থেকে আরও স্পষ্ট করা হয়, কোনো বিতর্কিত পলাতক বা ফেরারি আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হবে। দেশের সার্বভৌমত্ব, সীমান্তের নিরাপত্তা এবং মানুষের জানমাল রক্ষায় পেশাদারত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে বিজিবির কার্যক্রম অব্যাহত থাকবে।
সীমান্ত সুরক্ষায় সাংবাদিক ও স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিজিবির পক্ষ থেকে বলা হয়, সীমান্ত এলাকায় সন্দেহজনক ব্যক্তি, অবৈধ পারাপারের চেষ্টা কিংবা যেকোনো অস্বাভাবিক তৎপরতা চোখে পড়লে দ্রুত বিজিবিকে জানাতে হবে। সম্মিলিত সচেতনতা ও সহযোগিতার মাধ্যমে সীমান্তকে আরও নিরাপদ রাখা সম্ভব।