যশোর অফিস: ২০০৯ সালের খুলনার চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জসিমকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে এসআরবি-৬।
বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) রাত ৯টা ১৫ মিনিটে এসআরবি-৬ ও এসআরবি-৭ এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানাধীন সলিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামি মো. জসিম (৫০), পিতা- হোসেন আলী, সাং- হাজী তমুজউদ্দীন সড়ক বাইলেন, থানা- সোনাডাঙা, জেলা- খুলনা। আদালত তাকে মৃত্যুদণ্ডসহ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছিলেন।
মামলা সূত্রে জানা যায়, ২০০৯ সালে আসামি জসিম ভিকটিম জাহাঙ্গীর হোসেনের বাড়ির ভাড়াটিয়া ছিলেন। পেশায় রিকশা চালক জসিমের বিরুদ্ধে জাহাঙ্গীরের বাড়ির পাশের দোকানদার রবিউল ইসলামের মোবাইল ফোন চুরির অভিযোগ ওঠে। এ নিয়ে ১৯ মে ২০০৯ সালে স্থানীয় সালিশে জসিম দোষী সাব্যস্ত হন এবং বাড়ি ছাড়ার নির্দেশ পান। ওইদিন বিকেলেই ক্ষুব্ধ হয়ে জসিম জাহাঙ্গীরকে পেছন থেকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাহাঙ্গীর মারা যান। এ ঘটনায় নিহতের ভাই আলমগীর হোসেন বাদী হয়ে সোনাডাঙা থানায় হত্যা মামলা করেন।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য চট্টগ্রাম জেলার হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।