স্মরণসভা ও দোয়া মাহফিলে বিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধা নিবেদন
শাহাবুদ্দিন আহামেদ, বেনাপোল: যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী ও যশোরের উন্নয়নের কারিগর জননেতা মরহুম তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলার ৮ নম্বর বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে বাগআঁচড়া হাইস্কুল মাঠ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদ। সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন যশোর জেলা কৃষকদলের সদস্য মতিউর মতিন।
স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস।
এ সময় বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোনায়েম হোসেন মুন্না, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন হোসেন, সদস্যসচিব সেলিম হোসেন আশাসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্মরণসভায় বক্তারা মরহুম তরিকুল ইসলামের রাজনৈতিক জীবন, জনসেবা এবং যশোরের উন্নয়নে তাঁর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।