মোঃ মাহাবুল ইসলাম অভি গাজীপুর প্রতিনিধি
০৩ নভেম্বর ২০২৬;গাজীপুরে পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের মধ্যে হামলায় গুরুতর আহত তৌফিক শেখ (২১) মারা গেছেন। তার মরদেহ নিয়ে গ্রামের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে ফিরেছেন স্বজনরা।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে ঢাকার উত্তরার শিনশিন জাপান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তৌফিকের মৃত্যু হয়। তার মরদেহ বাড়িতে পৌঁছালে পরিবার ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশের পরিবেশ। প্রতিবেশী ও এলাকাবাসীরা তৌফিককে শেষবারের মতো দেখতে তার বাড়িতে ভিড় করেন।
নিহত তৌফিক শেখ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের তবি খাঁর ছেলে। তিনি ছয়ঘরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী ছিলেন। বিদ্যালয় কর্তৃপক্ষও তার পরিচয় নিশ্চিত করেছে।
নিহতের বড় ভাই হারুন বলেন, আমার ছোট ভাইয়ের মরদেহ নিয়ে গ্রামের বাড়িতে এসেছি। আগামীকাল বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টায় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে দাফন করা হবে।