মোঃ রিপন শেখ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গা বাসস্ট্যান্ড থেকে ঢাকায় যাওয়ার পথে বাহার উদ্দিন শেখ (৪২) নামে এক ব্যাংক কর্মকর্তাকে অপহরণ করে চোখ-মুখ বেঁধে নির্যাতন ও মারধরের অভিযোগ উঠেছে। এ সময় তাঁর পরিবারের কাছ থেকে এক লাখ টাকা আদায় করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে তাঁকে নগরকান্দা উপজেলার ডাঙ্গী এলাকার ভবুকদিয়া থেকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে বাহার উদ্দিন ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে ভাঙ্গা বাসস্ট্যান্ড থেকে একটি সাদা-কালো প্রাইভেটকারে ওঠেন। গাড়িটিতে আগে থেকেই চালক সহ চারজন ব্যক্তি অবস্থান করছিলেন বলে জানা গেছে।
অভিযোগ রয়েছে, গাড়িতে ওঠার পর দুর্বৃত্তরা তাঁর চোখ-মুখ বেঁধে ব্যাপক ভাবে মারধর করে। পরে তাঁকে বিভিন্ন স্থানে ঘোরানো হয় এবং পরিবারের সদস্যদের কাছে ফোন করে এক লাখ টাকা দাবি করা হয়। পরিবারের কাছ থেকে টাকা আদায়ের পর তাঁকে নগরকান্দা উপজেলার ডাঙ্গী এলাকার ভবুকদিয়া নামক স্থানে একটি খাদের পাশে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
পরে স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। আহত বাহার উদ্দিন ভাঙ্গার মালিগ্রাম শাখার মিডল্যান্ড ব্যাংকের কর্মকর্তা। তিনি ভাঙ্গা পৌরসভার ছিলাধরচর সদরদী গ্রামের সৈয়দ আলী শেখের ছেলে। তার বাবা ভাঙ্গা পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কমিশনার ছিলেন।
ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান,
আজ সকালে ভাঙ্গা বাসস্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশ্যে সাদাকালো রঙের একটি প্রাইভেটকারে ওঠার পর বাহাউদ্দিন শেখকে জিম্মি করার ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ সদস্যদের ঘটনাস্থল ও আশপাশের এলাকায় পাঠানো হয়। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। তদন্তের মাধ্যমে অপরাধীদের পরিচয় নিশ্চিত করে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।”