পারভেজ আলী মোহর, বাঘারপাড়া (যশোর) থেকে :
যশোরের বাঘারপাড়ায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় শপিং ব্যাগে মোড়ানো দুটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) রাত ১১টার পর উপজেলার বন্দবিলা ইউনিয়নের কঠুরাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। বসতবাড়ির গোয়ালঘরের পেছনে পেঁপে গাছের পাশ থেকে ককটেল দুটি উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খাজুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ফিরোজ হোসেনের নেতৃত্বে পুলিশ ওই গ্রামে অভিযান চালায়। এ সময় গ্রামের ইউসুফ আলী (৫৫)-এর বসতবাড়ির গোয়ালঘরের পেছনে একটি পেঁপে গাছের পাশ থেকে শপিং ব্যাগে মোড়ানো দুটি ককটেল উদ্ধার করা হয়। স্থানীয় লোকজনের উপস্থিতিতে পুলিশ ককটেল দুটি উদ্ধার করে।
তবে কে বা কারা, কী উদ্দেশ্যে ককটেলগুলো সেখানে রেখেছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় তদন্ত চলছে। ককটেলগুলো সেখানে রাখার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।
পরিত্যক্ত অবস্থায় বসতবাড়ির পাশ থেকে বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।