যশোর অফিস :যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ ২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ বুধবার (২৮ অক্টোবর ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিশেষ টহলদল, কাশিপুর বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্টের টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
আটককৃতরা হলেন- যশোরের মনিরামপুর উপজেলার রাজবাড়ী গ্রামের মিনাজ সরদারের ছেলে রাজু রহমান (৩১) ও কোদলাপাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে মেহেদী হাসান নাইম (২৪)।
এ সময় তাদের কাছ থেকে ১৯ বোতল ভারতীয় WINCEREX কফ সিরাপ (নেশা জাতীয়), ১০৯টি শাড়ী, ৫টি থ্রী-পিস, ১০টি চাদর, ১০০টি চকলেট, ১০টি মোবাইল, বাংলাদেশী ২০ হাজার ৫০০ টাকা এবং ৬২৪টি কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১৮ লাখ ৩০ হাজার ১৫০ টাকা।
আটককৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদক ও চোরাচালানী চক্র আটকে সীমান্তে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। সীমান্তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সূএ বিজিবি প্রেস বিজ্ঞপ্তি