মোঃ রিপন শেখ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সন্তান ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের শিশু পরিবার কল্যাণবিষয়ক সম্পাদক এম এম মেহেদী হাসান লিটুর বাবা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাবার মৃত্যুসংবাদ পেয়ে প্যারোলে মুক্তি নিয়ে বাড়িতে আসেন কারাবন্দী এই সাবেক ছাত্রনেতা। কঠোর নিরাপত্তার মধ্যে হাতকড়া পরা অবস্থায় বাবাকে শেষবারের মতো দেখা এবং জানাজায় অংশ নেওয়ার দৃশ্য উপস্থিত স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকাবহ পরিবেশের সৃষ্টি করে।
পারিবারিক সূত্রে জানা যায়, মেহেদী হাসান লিটু দীর্ঘদিন ধরে কারাবন্দী রয়েছেন। বাবার মৃত্যুর খবর পেয়ে তিনি প্যারোলে মুক্তি পান। পরে নিরাপত্তাব্যবস্থার মধ্যে নিজ বাড়িতে এসে প্রয়াত বাবার মুখ শেষবারের মতো দেখেন এবং তাঁর জানাজায় অংশ নেন।
বাবার কফিনের পাশে হাতকড়া পরা ছেলের শেষ বিদায়ের দৃশ্যটি উপস্থিত আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় বাসিন্দাদের আবেগাপ্লুত করে তোলে। প্রিয়জনকে হারানোর শোকের সঙ্গে ছেলের এমন পরিস্থিতিতে বাবাকে বিদায় জানানোর দৃশ্য মিলিয়ে সেখানে এক হৃদয়স্পর্শী পরিবেশের সৃষ্টি হয়।
মরহুমের মৃত্যুতে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।