নিজস্ব প্রতিবেদক, যশোর: যশোর সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শনিবার (২৪ অক্টোবর ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ বেনাপোল আইসিপি'র টহলদল সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করে।
আটককৃত মালামালের মধ্যে রয়েছে- ভারতীয় ৪০টি শাড়ী, ২ কেজি কিসমিস ও ১৪২টি কসমেটিক্স সামগ্রী। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ৪ লাখ ৩২ হাজার ১০০ টাকা।
বিষয়টি নিশ্চিত করে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি'র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযানে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।