নিজেস্ব প্রতিবেদক:যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ১৮ পিস স্বর্ণের বার ও মোটরসাইকেলসহ এক চোরাচালানকারীকে গ্রেফতার করা হয়েছে।
আজ বুধবার (২১ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ১০টায় সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) মো. আরিফ হোসেনের নেতৃত্বে শার্শা থানার অফিসার ইনচার্জ মো. শামিনুল হক ও এসআই (নিঃ) শেখ মো. জাহিদুল আলমসহ সঙ্গীয় ফোর্স শার্শা থানাধীন খাজুরা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে দক্ষিণ বুরুজবাগান গ্রামস্থ ‘প্রাইম ব্রিকস’ নামক ইটভাটা সংলগ্ন নাভারণ-সাতক্ষীরাগামী পাকা রাস্তার ওপর থেকে সন্দেহভাজন হিসেবে মো. আলাউদ্দীন (৫২) কে গ্রেফতার করা হয়। পরে তল্লাশি করে তার হেফাজতে থাকা ১৮ পিস স্বর্ণের বার ও একটি সুজুকি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মো. আলাউদ্দীন (৫২) শার্শা থানার হাড়িখালী (যদুনাথপুর) গ্রামের মৃত গোলাম রসুলের ছেলে।
উদ্ধারকৃত স্বর্ণের বারের ওজন ২ কেজি ৯০ গ্রাম (১৮০ ভরি) বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।