নিজস্ব প্রতিবেদক, যশোর:সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে যশোরে অফিসার ও ফোর্সদের ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় যশোর জেলার সকল থানার অফিসার ও ফোর্সের এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা মহোদয় কোতোয়ালী মডেল থানায় পূজা উদযাপন উপলক্ষে অফিসার ও ফোর্সদের ব্রিফ করেন। এছাড়া অন্যান্য থানায় অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপারগণ ব্রিফ করেন।
আসন্ন শারদীয় দুর্গোৎসবে যশোরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ। জেলার ৭৪৩টি পূজা মণ্ডপকে ৪টি সেক্টরে ভাগ করে নিরাপত্তা দেওয়া হবে।
জেলা পুলিশ জানায়, পূজা শুরুর আগের রাত থেকে জেলায় ৯টি স্ট্রাইকিং ফোর্স, ৪০টি মোবাইল টিম, ৬টি ডিবি টিম ও ১৫৯টি হোন্ডা মোবাইল টিম সক্রিয়ভাবে কাজ করবে। এছাড়াও জরুরি পরিস্থিতি মোকাবেলায় পুলিশ লাইন্সে ১টি স্ট্যান্ডবাই টিম প্রস্তুত রাখা হয়েছে।
পুলিশের পাশাপাশি ৪ হাজার ৭১৪ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

ইতোমধ্যে জেলা পূজা উদযাপন পরিষদসহ সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে আলোচনা করে প্রতিটি মণ্ডপে পূজা পরিষদের নিজস্ব স্বেচ্ছাসেবী ও সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রুখতে পুলিশের সাইবার ক্রাইমের বিশেষ টিম কাজ করছে। গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে যাতে কোনো বিশেষ মহল অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে। যেসব মন্দিরে লোকসমাগম বেশি সেগুলোর প্রতি বিশেষ নজরদারি থাকবে।