নিজস্ব প্রতিবেদক : যশোর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ ৪৯ বিজিবির অধীনস্থ বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতীয় ৬৫টি শাড়ি, ৩টি থ্রি-পিস, ২টি কম্বল, ৭ প্যাকেট ফুসকা, ১ কেজি কিসমিস, ২৬ প্যাকেট খৈনি ও ৪০৭টি কসমেটিক্স সামগ্রী আটক করা হয়। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ৭ লাখ ৯৮ হাজার ৫০০ টাকা।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।