প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২০, ২০২৬ || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৫, ২০২৬
যশোরে পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেল এর সংঘর্ষে একজন নিহত আহত ১
যশোর অফিস :যশোরের চৌগাছায় পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অয়ন (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মিথিলা (১৭) নামের এক কিশোরী গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল পৌনে চারটার দিকে চৌগাছা-যশোর সড়কের টালিখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অয়নের বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার আদমপুর গ্রামে। আহত মিথিলা চৌগাছা উপজেলার বিশ্বাসপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,অয়ন ও মিথিলা নম্বরপ্লেটবিহীন ১৫০ সিসির একটি সুজুকি মোটরসাইকেলে চৌগাছা থেকে আড়াদাহের দিকে যাচ্ছিলেন। পথে যশোর থেকে চৌগাছাগামী একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অয়নকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মিথিলাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর পিকআপটি না থেমে চৌগাছা থেকে মহেশপুরগামী সড়কের দিকে চলে যায়। অয়নের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
চৌগাছা থানার উপপরিদর্শক (এসআই) বেল্লাল হোসেন ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করছেন।এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত