প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৫, ২০২৬ || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৫, ২০২৬
যশোরে জমির ওপর দিয়ে জোরপূর্বক বিদ্যুৎ লাইন স্থাপনের অভিযোগ
যশোর অফিস :যশোর সদর উপজেলার ঘোপ এলাকায় জমির মালিকের আপত্তি উপেক্ষা করে ব্যক্তিমালিকানাধীন জমির ওপর দিয়ে বৈদ্যুতিক লাইন স্থাপনের অভিযোগ উঠেছে যশোর পল্লী বিদ্যুৎ সমিতির সংশ্লিষ্ট কর্মচারী ও ঠিকাদারদের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার চেয়ে যশোর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন জমির মালিক শাহাবুদ্দিন আহম্মেদ।
অভিযোগে শাহাবুদ্দিন আহম্মেদ উল্লেখ করেন, যশোর সদর উপজেলার ঘোপ মৌজায় ৩২৮ নম্বর খতিয়ান ও ১০৯ নম্বর দাগে তাঁর মালিকানাধীন জমি রয়েছে। গত ২২ আগস্ট ২০২৬ তারিখে ওই জমির ওপর দিয়ে বৈদ্যুতিক লাইন স্থাপনের উদ্যোগ নেওয়া হলে তিনি সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের কর্মচারীদের আপত্তি জানান এবং বিকল্প পথে লাইন স্থাপনের অনুরোধ করেন। তাঁর আপত্তির কারণে সেদিন সংশ্লিষ্ট ব্যক্তিরা ফিরে গেলেও পরবর্তীতে তাঁর অনুপস্থিতিতে পরিবারের সদস্যদের বাধা উপেক্ষা করে জমির ওপর দিয়ে বৈদ্যুতিক লাইন স্থাপন করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
শাহাবুদ্দিন আহম্মেদের দাবি, জমির ওপর দিয়ে এভাবে বৈদ্যুতিক লাইন স্থাপন করায় ভবিষ্যতে জমি ব্যবহার ও ভবন নির্মাণে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। তিনি ওই স্থানে ভবন নির্মাণের কাজ শুরু করতে যাচ্ছেন। এ অবস্থায় বৈদ্যুতিক লাইনটি ভবিষ্যতে নির্মাণকাজে সমস্যা ও নিরাপত্তাঝুঁকির কারণ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
লিখিত অভিযোগে তিনি বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে তাঁর জমির ওপর দিয়ে স্থাপিত বৈদ্যুতিক লাইন অপসারণ অথবা বিকল্প পথে স্থানান্তরের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে তদন্ত চলাকালে তাঁর জমিতে নতুন কোনো বৈদ্যুতিক খুঁটি, তার বা অন্য কোনো স্থাপনা নির্মাণ না করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদানেরও অনুরোধ করেছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত