নিজস্ব প্রতিবেদক: খুলনায় পুলিশ পরিদর্শক শাহ আলমকে ছিনতাইকালে ধারালো চাপাতি দিয়ে গুরুতর জখমের মামলার প্রধান আসামি ও পরিকল্পনাকারী মিরাজ ওরফে স্পিকার মিরাজ এবং তার সহযোগী ইব্রাহীমকে গ্রেফতার করেছে এসআরবি-৬, স্পেশাল কোম্পানি।
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) এসআরবি-৬ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬, স্পেশাল কোম্পানির একটি চৌকস দল কেএমপির সোনাডাঙ্গা থানাধীন কলাবাগান এলাকা এবং খুলনা সদর থানাধীন টুটপাড়া এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে। অভিযানে গ্রেফতার করা হয়—
১। মিরাজ ওরফে স্পিকার মিরাজ (৩৯), পিতা- ফারুক মিয়া, সাং- হাজী মহসিন রোড,
২। মো. ইব্রাহিম গাজী (৪২), পিতা- মৃত আকবর আলী, সাং- সরকারপাড়া টুটপাড়া, উভয় থানা- খুলনা সদর, জেলা- খুলনা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, খুলনা জেলার সার্কেল অফিসে কর্মরত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শাহ আলম (৪৩) গত ৯ অক্টোবর খুলনা মহানগরীর সদর থানাধীন কলেজিয়েট স্কুলের সামনে দিয়ে রিকশাযোগে পুলিশ ক্লাবে যাওয়ার পথে তিনজন অজ্ঞাতনামা ছিনতাইকারী তার পথরোধ করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং ধারালো চাপাতি দিয়ে তার দুই হাতের কব্জির উপরে কুপিয়ে গুরুতর জখম করে।
পরে খুলনা থানার অফিসার ইনচার্জ ও সোনাডাঙ্গা থানার মোবাইল গাড়ির সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে সিটি মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খুলনা মেডিকেলের সার্জারি বিভাগের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে রেফার করেন। বর্তমানে ভিকটিম ঢাকার এভায়কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখায় কর্মরত এসআই (নিঃ) মো. আউয়াল হোসেন বাদী হয়ে খুলনা সদর থানায় মামলা দায়ের করেন।
এসআরবি জানায়, ধৃত আসামি স্পিকার মিরাজের বিরুদ্ধে কেএমপির আড়ংঘাটা ও সদর থানায় গুরুতর আঘাত, চুরি ও ডাকাতির একাধিক মামলা রয়েছে। এছাড়া ইব্রাহিম গাজীর বিরুদ্ধে খুলনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কেএমপি খুলনার সদর থানায় হস্তান্তর করা হবে।