নিজস্ব প্রতিবেদক:খুলনার রূপসায় চাঞ্চল্যকর ফখরুল হত্যা মামলার অন্যতম আসামি আব্দুর রহমানকে গ্রেফতার করেছে এসআরবি-৬ ও এসআরবি-৭ এর যৌথ আভিযানিক দল।
আজ মঙ্গল বার (১৩ অক্টোবর ২০২৬) এসআরবি-৬ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ রাত ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানা এলাকায় বিশেষ অভিযান চালায় এসআরবি-৬ খুলনা ও এসআরবি-৭ চট্টগ্রামের যৌথ দল। অভিযানে রূপসা থানার চাঞ্চল্যকর ফখরুল ইসলাম (৩২) হত্যা মামলার অন্যতম আসামি আব্দুর রহমান (৩০), পিতা- আব্দুর রউফ শেখ, সাং- ইলাইপুর, থানা- রূপসা, জেলা- খুলনাকে গ্রেফতার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১২ আগস্ট ২০২৬ রাতে ভিকটিম ফখরুল ইসলাম (৩২) রূপসা থানাধীন "মেসার্স রূপসা ব্রিকস" নামীয় নিজেদের প্রতিষ্ঠানের অফিসে অবস্থানকালে অজ্ঞাতনামা আসামিরা তাকে এলোপাতাড়ি গুলি করে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভিকটিমের ভাই ফরহাদ হোসেন রূপসা থানায় হত্যা মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম জেলার হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে। বাকি অভিযুক্তদের আইনের আওতায় আনতে এসআরবি ফোর্সের অভিযান অব্যাহত রয়েছে।