নিজস্ব প্রতিবেদক: খুলনা জেলার হরিণটানা থানাধীন জিরো পয়েন্ট বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি ৫৯৭ গ্রাম অবৈধ মাদকদ্রব্য ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে এসআরবি-৬ ও বিজিবি-২১ এর যৌথ আভিযানিক দল।
আজ মঙ্গল বার (১৩ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় এসআরবি-৬ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে এসআরবি ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬, স্পেশাল কোম্পানি ও বিজিবি-২১ ব্যাটালিয়নের যৌথ দল জিরো পয়েন্ট বাস টার্মিনাল এলাকায় সাতক্ষীরা থেকে খুলনাগামী একটি বাসে তল্লাশি চালায়।
তল্লাশিকালে বাসের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ৬ কেজি ৫৯৭ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদক হরিণটানা থানায় সাধারণ ডায়েরি মূলে হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে।