নিজস্ব প্রতিবেদক: খুলনা জেলার দৌলতপুর থানার একাধিক হত্যা মামলার পলাতক আসামি এবং শীর্ষ সন্ত্রাসী আরমানের অন্যতম সহযোগী ওসমানকে গ্রেফতার করেছে এসআরবি-৬ এবং এসআরবি-১২ এর যৌথ আভিযানিক দল।
আজ সোমবার (১২ অক্টোবর ২০২৬) এসআরবি-৬ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসআরবি ফোর্সেস নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ রাত ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পাবনা জেলার আমিনপুর থানাধীন সাগরকান্দি এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।
অভিযানে খুলনা মহানগরীর দৌলতপুর থানার একাধিক হত্যা মামলার পলাতক আসামি ওসমান (৩০), পিতা- দেওয়ান মুন্সি, সাং- মহেশ্বরপাশা, থানা- দৌলতপুর, জেলা- খুলনাকে গ্রেফতার করা হয়।
এসআরবি জানায়, গ্রেফতারকৃত ওসমান খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রুপ আরমান বাহিনীর প্রধান আরমানের অন্যতম সহযোগী। তার পিসি-পিআর পর্যালোচনায় দেখা যায়, খুলনা মহানগরীর দৌলতপুর, খানজাহান আলী ও আড়ংঘাটা থানায় তার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, মারামারি, চুরিসহ একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা জেলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।