মোঃ রিপন শেখ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গা বাজারের কেন্দ্রীয় মন্দিরসংলগ্ন ঐতিহ্যবাহী পুরোনো দুধ বাজার, বর্তমানে চাল বাজার এলাকায় গভীর রাতে একের পর এক দোকানঘর নির্মাণের অভিযোগে ঘটনা নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।
স্থানীয় কয়েকজন ব্যবসায়ী ও বাসিন্দারা জানান, দিনের পরিবর্তে রাতের আঁধারে এসব দোকানঘর নির্মাণ করা হচ্ছে। তবে নির্মাণাধীন স্থাপনাগুলোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন বা বৈধ বরাদ্দ রয়েছে কি না, তা নিয়ে তারা নিশ্চিত নন।
স্থানীয়দের কেউ কেউ দাবি করছেন, এর আগেও ওই এলাকায় দোকান বরাদ্দ দেওয়ার কথা বলে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট প্রমাণ কিংবা অভিযুক্তদের বক্তব্য এবিষয় পাওয়া যায়নি।
এদিকে রাতের বেলায় নির্মাণকাজ চলার বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তারা বলছেন, জায়গাগুলোর মালিকানা, বরাদ্দ এবং নির্মাণের অনুমোদন সম্পর্কে প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি যাচাই করা প্রয়োজন।
স্থানীয় ব্যবসায়ীরা আরো জানান, ভাঙ্গা ঐতিহ্যবাহী দুধ বাজারের জায়গায় নতুন স্থাপনা নির্মাণের ক্ষেত্রে সরকারি নিয়ম ও অনুমোদন অনুসরণ করা হয়েছে কি না, সেটি কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে পরিষ্কার হওয়া উচিত এবং সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহল।