ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ৯ নম্বর গৌরিঘোনা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ রুবেল হাসনাত পাশা।
রোববার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে কেশবপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্যে শেখ রুবেল হাসনাত পাশা অভিযোগ করেন, একটি মহল তাঁর রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে ‘দৈনিক কেশবপুর’ নামের একটি ফেসবুক আইডি থেকে গত ২ অক্টোবর তাঁকে জড়িয়ে চাঁদা দাবির মিথ্যা তথ্য প্রচার করেছে।
তিনি বলেন, ওই পোস্টের মাধ্যমে তাঁর বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এ ধরনের অপপ্রচারের কারণে তাঁর সামাজিক ও রাজনৈতিকভাবে মানহানি হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
শেখ রুবেল হাসনাত পাশা আরও জানান, তাঁর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচারকারী ওই ফেসবুক আইডির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। এ ঘটনায় বিচারিক আদালতে মামলা করার কথাও জানান তিনি।
নিজের রাজনৈতিক কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে বিএনপির এই নেতা বলেন, তিনি দীর্ঘদিন ধরে গৌরিঘোনা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে দুইবার গৌরিঘোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিয়েছেন।
তিনি দাবি করেন, ওই সময় প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তিনি চার থেকে সাড়ে চার হাজার ভোট পেয়েছিলেন। তাঁর অভিযোগ, প্রতিপক্ষ আওয়ামী লীগ নেতা এস এম হাবিব বিভিন্ন ভোটকেন্দ্র দখল করে তাঁর ভোট কমিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। এমনকি তিনি নিজেও নিজের ভোট দিতে পারেননি বলে দাবি করেন রুবেল।
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল তাঁকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিলে তিনি নির্বাচনে অংশ নিতে আগ্রহী বলেও জানান। তাঁর অভিযোগ, রাজনৈতিকভাবে তাঁকে হেয় করতে এবং জনপ্রিয়তা ক্ষুণ্ন করতে প্রতিপক্ষরা ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়াচ্ছে।
সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের মাধ্যমে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার কাছে ঘটনার তদন্ত দাবি করেন। সুষ্ঠু তদন্ত হলে অপপ্রচারের নেপথ্যে থাকা ব্যক্তিদের পরিচয় প্রকাশ পাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
সংবাদ সম্মেলনে গৌরিঘোনা ইউনিয়নের মো. মুজিবুর রহমান সরদার, মো. জামাল সরদার, শামীমুল আলম ও আশরাফ আলী সরদার প্রমুখ।