নিজস্ব প্রতিবেদক :যশোরের শার্শায় নিখোঁজ ছেলেকে উদ্ধারের দাবিতে থানায় লিখিত অভিযোগ করেছেন এক বাবা। নিখোঁজের পর ছেলের মোবাইল ফোন ব্যবহার করে অজ্ঞাতনামা ব্যক্তিরা ফোন দিয়ে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি ও হত্যার হুমকি দিয়েছে ।
অভিযোগ সূত্রে জানা যায়, খুলনার খালিশপুর এলাকার বাসিন্দা কামাল হোসেন (৫০) গত ২৯ সেপ্টেম্বর রাতে শার্শা থানায় লিখিত অভিযোগ করেন। তার ছেলে জীবন হোসেন (৩২) নাভারণ-সাতক্ষীরা সড়কের মোড় থেকে নিখোঁজ হন বলে অভিযোগে উল্লেখ করেছেন।
কামাল হোসেনের দাবি, তার ছেলে শাফিন সাহেবের বাসায় মেস আবাসিক হিসেবে চাকরি করতেন। ২৯ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টা পরে খাবারের জন্য বাইরে যাওয়ার পর থেকে তার ছেলের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এরপর থেকেই ছেলের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
অভিযোগে আরও বলা হয়, পরবর্তীতে বেনাপোল পোর্ট থানা এলাকায় ছেলের মোবাইল নম্বরের লোকেশন শনাক্ত হওয়ার তথ্য পাওয়া যায়। পরে ওই মোবাইল নম্বর ব্যবহার করে কামাল হোসেনকে ফোন দেওয়া হয়। ফোনে অজ্ঞাতনামা ব্যক্তি তার কাছে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন এবং টাকা না দিলে তার ছেলেকে হত্যার হুমকি দেন বলে অভিযোগ করেছেন তিনি।
শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামিনুল হক জানান,এ ঘটনায় অভিযোগ পেয়েছি আমাদের টিম অত্যান্ত গুরুতের সাথে কাজ করছে।
তিনি আরো জানান জীবন হোসেনকে দ্রুত উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।