যশোর অফিস: পারিবারিক কলহের কারণে কীটনাশক পানে যশোরের চৌগাছা ও কেশবপুরে দুই নারী আত্মহত্যা করেছে। রোববার রাতে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
নিহতরা হচ্ছে চৌগাছা উপজেলার বড়খানপুর গ্রামের ইমরানের স্ত্রী রুবাইয়া (২০) এবং কেশবপুর উপজেলার মির্জানগর গ্রামের ইউনুস আলীর স্ত্রী মনোয়ারা বেগম (৪৭)।
উভয়ের পারিবারিক সূত্রে জানা যায় রোববার বিকেল ৫টার দিকে শাশুড়ির সঙ্গে পারিবারিক কলহের একপর্যায়ে রুবাইয়া কীটনাশক পান করেন। পরে পরিবারের সদস্যরা তাকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সেখান থেকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মহিলা মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।
অন্যদিকে,সন্ধ্যা ৬টার দিকে পারিবারিক কলহের জেরে মনোয়ারা বেগম বিষ পান করলে তাকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকেও যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক দশটার দিকে তিনি মারা যান।
এ ঘটনায় যশোর কোতোয়ালী মডেল থানায় আলাদা দুটি অপমৃত্যু মামলা হয়েছে।