ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃপরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বাড়াতে ফরিদপুরের ভাঙ্গায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেছে সাজেদা ফাউন্ডেশন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে সাজেদা ফাউন্ডেশনের ভাঙ্গা শাখা কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। সারা দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬-এর অংশ হিসেবে এ চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল মামুন, সাজেদা ফাউন্ডেশনের আঞ্চলিক ব্যবস্থাপক (সূচনা) গোলক চন্দ্র বিশ্বাস, এলাকা ব্যবস্থাপক (সূচনা) আল-ইমরান, এলাকা ব্যবস্থাপক (বিবর্তন) বিশ্বজিৎ কুমার বাড়ৈ, এলাকা হিসাব ব্যবস্থাপক মো. কাওছার আলী, শাখা ব্যবস্থাপক (সূচনা) ফরহাদ হোসেন মোল্লা, সিও (বিবর্তন) তারিকুল ইসলাম, হিসাবরক্ষক মুকুল হোসেনসহ ফিল্ড অফিসাররা।
এসময় সাজেদা ফাউন্ডেশনের আঞ্চলিক ব্যবস্থাপক (সূচনা) গোলক চন্দ্র বিশ্বাস জানান, ফরিদপুর এরিয়ার আওতাধীন ২১টি শাখায় মোট ১ হাজার ৫১৪ জন সদস্যের মধ্যে পাঁচ প্রজাতির ৯ হাজার ৮২০টি গাছের চারা বিতরণ করা হয়েছে।
ভাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল মামুন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন নিশ্চিত করতে সরকার পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে। এ কর্মসূচি বাস্তবায়নে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ও এনজিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সাজেদা ফাউন্ডেশনের এ উদ্যোগের ফলে একদিকে মানুষের ফলের চাহিদা পূরণে সহায়তা হবে, অন্যদিকে পরিবেশের ভারসাম্যও বজায় থাকবে।