নিজস্ব প্রতিবেদক: বরিশালের বানারীপাড়া থানার যৌতুকের জন্য গুরুতর জখমের মামলায় ১৪ বছর সশ্রম কারাদণ্ড ও এক লক্ষ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মিলন খানকে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল।
শনিবার রাতে বরিশাল মহানগরীর কোতয়ালী মডেল থানাধীন রূপাতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে এসআরবি-৮, সদর কোম্পানি, বরিশালের একটি চৌকস আভিযানিক দল।
গ্রেফতারকৃত আসামি মিলন খান, পিতা- আলী আহম্মেদ খান, সাং- বৈরকাঠি, থানা- উজিরপুর, জেলা- বরিশাল।
এসআরবি সূত্রে জানা গেছে, আসামি মিলন খানের বিরুদ্ধে বরিশালের বানারীপাড়া থানায় যৌতুকের জন্য গুরুতর জখমের অভিযোগে একটি মামলা দায়ের হয়। যার জিআর নং- ১৫/১৭ (বানারীপাড়া), ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১(খ)। বিজ্ঞ আদালতে মামলাটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড, ১,০০,০০০ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ০১ বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন।
এসআরবি-৮ জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই এসআরবি খুন, ধর্ষণ, ডাকাতিসহ বিভিন্ন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারি ও ধারাবাহিক আভিযানিক কার্যক্রমের অংশ হিসেবে তথ্য-প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অত্যন্ত চতুরতার সাথে দীর্ঘদিন আত্মগোপনে থাকা এই আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল জেলার উজিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।