মোঃ রিপন শেখ ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাংগী ইউনিয়নের ভবুকদিয়া বাসস্ট্যান্ড এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
জানা গেছে, ফরিদপুর থেকে ভাঙ্গার দিকে আসা জে আর পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি সড়কের পাশের পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি মহাসড়কের ওপর উল্টে যায়।
দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও নগরকান্দা থানা পুলিশ ভাঙ্গা ফায়ার সার্ভিস সহ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
ভাঙ্গা হাইওয়ে থানার এসআই আজাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি উদ্ধারের পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি।