ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে শরিফারবাদ সড়ক থেকে ইদ্রিস মাতুব্বর মেম্বারের বাড়ি পর্যন্ত গ্রামীণ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার ও ইটের সলিং না হওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী।
স্থানীয়দের অভিযোগ, প্রায় ৩০ বছর ধরে সড়কটি মাটির রাস্তা হিসেবেই পড়ে আছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বর্ষা মৌসুমে সড়কটি কাদা-পানিতে একাকার হয়ে যায়। ফলে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে চলাচলে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
বিশেষ করে বৃষ্টির সময় রাস্তার বিভিন্ন অংশে পানি জমে কাদামাটির সৃষ্টি হয়। তখন অটোভ্যান, রিকশা কিংবা অন্যান্য যানবাহন চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। অনেক সময় স্থানীয়দের হেঁটেই কাদা-পানি মাড়িয়ে যাতায়াত করতে হয়।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে তারা রাস্তাটি সংস্কারের দাবি জানিয়ে আসছেন। রাস্তাটি ইটের সলিং বা স্থায়ীভাবে উন্নয়ন করা হলে শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচল সহজ হবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন ও স্থানীয় যোগাযোগ ব্যবস্থারও উন্নতি হবে।
স্থানীয়দের দাবি, জনদুর্ভোগের বিষয়টি বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত শরিফারবাদ সড়ক থেকে ইদ্রিস মাতুব্বর মেম্বারের বাড়ি পর্যন্ত রাস্তাটি সংস্কার ও উন্নয়নের উদ্যোগ নেয়।
এলাকাবাসীর আশা, দ্রুত রাস্তাটির উন্নয়ন করা হলে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে এবং এই এলাকার কয়েক হাজার মানুষ উপকৃত হবেন।