
বিশেষ প্রতিনিধি:যশোরের কোতোয়ালি মডেল থানায় এক যুবদল নেতাসহ পাঁচজনের বিরুদ্ধে এক তরুণীকে অচেতন করে শ্লীলতাহানি এবং আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে লিখিত এজাহার দায়ের করা হয়েছে।
অভিযুক্ত প্রধান আসামি আলিমুজ্জামান ডালিম (৩৫) উপজেলার ১১ নম্বর রাম নগর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এবং সিরাজসিংহ গ্রামের বাসিন্দা। মামলার অন্য বিবাদীরা হলেন—জয় (২৪), মেহেদি (৩৩), গোলাম (২৭) এবং রবিউল (৩৫)।
থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, মণিরামপুর উপজেলার টুনিয়াঘরা গ্রামের সুমাইয়া খাতুন (২১) নামের এক তরুণীর সাথে ১ নম্বর বিবাদী ডালিমের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ২৫ আগস্ট বিকেলে ডালিম মোবাইল ফোনে ডেকে নিয়ে উক্ত তরুণীকে কুয়াদা বাজারের একটি হোটেলে আসতে বলে। তরুণী সেখানে পৌঁছালে তাকে চেতনানাশকযুক্ত পানীয় খাইয়ে অচেতন করা হয়।
ভুক্তভোগীর দাবি, রাত আনুমানিক ১১টার দিকে তার জ্ঞান ফিরলে সে নিজেকে বস্ত্রহীন অবস্থায় আবিষ্কার করে এবং বুঝতে পারে যে উপস্থিত বিবাদীরা তার শ্লীলতাহানি ঘটিয়েছে। পরবর্তীতে এ বিষয়ে কোনো আইনি পদক্ষেপ নিলে আপত্তিকর ছবি ফেসবুকে পোস্ট করার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগী কোতোয়ালি মডেল থানায় লিখিত আবেদন জমা দিয়ে দ্রুত তদন্ত ও আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।