মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি: গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুরে মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজের এক দিন পর রাব্বি নামের সাত বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে উপজেলার বারাইল এলাকায় নদীতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ।
রাব্বি নড়াইলের লোহাগড়া উপজেলার বাঁকাগ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। সে বাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বাবা-মায়ের সঙ্গে হরিদাসপুরে মামার বাড়িতে বেড়াতে আসে রাব্বি। শনিবার দুপুরে একই বয়সী এক প্রতিবেশী শিশুর সঙ্গে মধুমতি নদীতে গোসল করতে নামে সে। এ সময় নদীর তীব্র স্রোতে রাব্বি ভেসে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তবে স্থানীয় ইউনিটে ডুবুরি না থাকায় তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়নি। পরে মাদারীপুর থেকে ডুবুরি দল এসে নদীতে অভিযান চালালেও শনিবার শিশুটির সন্ধান পাওয়া যায়নি।
রোববার সকালে বারাইল এলাকায় নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
রাব্বির মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।