মোহন আলী স্টাফ রিপোর্টার কুষ্টিয়া :কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পশ্চিম বাহিরচর দশ মাইল এলাকায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো 'ফিটো ও আমজাদ স্মৃতি স্মরণে ফুটবল টুর্নামেন্ট-২০২৬'-এর ফাইনাল খেলা। ফাইনাল খেলায় দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেছে জিয়া ক্লাব।
খেলা শেষে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উক্ত টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-৩০৬-এর মাননীয় সংসদ সদস্য মোছাঃ ফরিদা ইয়াসমিন।
চ্যাম্পিয়ন দল জিয়া ক্লাবের পক্ষে প্রধান অতিথির কাছ থেকে ট্রফি ও পুরস্কার গ্রহণ করেন বাহিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এবং বাহিরচর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা (ভূমি) বাবু।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মোছাঃ ফরিদা ইয়াসমিন বলেন, "যুবসমাজকে মাদকমুক্ত রাখা, শারীরিক গঠন এবং মানসিকভাবে সুস্থ রাখার জন্য খেলাধুলার বিকল্প নেই। ফিটো ও আমজাদ স্মরণে আয়োজিত এই টুর্নামেন্ট এলাকার তরুণদের মাঝে উদ্দীপনা সৃষ্টি করেছে।"
উক্ত খেলায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন। সম্পূর্ণ টুর্নামেন্টটি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।