ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:ফরিদপুরের ভাঙ্গা থানার চত্বরে এক নারীকে কেন্দ্র করে দুই ভাই ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে তুমুল টানাটানি, হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে। এতে তিন নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আলগী ইউনিয়নের বালিয়াচরা গ্রামের আজিজুল হকের বড় ছেলে একরাম আলী পার্শ্ববর্তী সোনাখোলা গ্রামের পূর্ণিমা নামের এক নারীকে পারিবারিকভাবে বিয়ে করেন। বিয়ের পর ওই নারীকে নিয়ে একরামের ছোট ভাই আব্দুল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
পরিবারের সদস্যদের অভিযোগ, একপর্যায়ে পূর্ণিমা ও আব্দুল্লাহ বিপুল পরিমাণ নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে বাড়ি থেকে চলে যান। পরে ওই নারীর বাবা ও বড় ভাই সাভার এলাকা থেকে তাকে উদ্ধার করে ভাঙ্গা থানায় নিয়ে আসেন।
এরপর থানার চত্বরে পূর্ণিমাকে নিয়ে দুই ভাই ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে তা টানাটানি, হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। এতে তিন নারীসহ অন্তত পাঁচজন আহত হন।
ঘটনার সময় থানায় উপস্থিত পুলিশ সদস্যরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে ভাঙ্গা থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয়, থানার চত্বরে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে উভয় পক্ষকে শান্ত করা হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।