নিজস্ব প্রতিবেদক : যশোর আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজে স্পোর্টস, কালচারাল উইক ও হেলধি ফুড ফেস্টিভ্যাল-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
২২ আগস্ট শনিবার সকালে কলেজ অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-২ আসনের সংসদ সদস্য বিশিষ্ট শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।
উদ্বোধন ঘোষণা করেন পুলেরহাটের ৫০০ শয্যা বিশিষ্ট আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো: ইমদাদুল হক।
প্রধান অতিথির বক্তৃতায় ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি বলেন, মেডিকেল শিক্ষার্থীদের জন্য খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকান্ড এবং স্বাস্থ্যসম্মত খাবার খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেক মানুষের জন্য নিয়ন্ত্রিত জীবন যাপন জরুরী। বিশেষভাবে চিকিৎসা পেশায় যারা জড়িত তাদের জন্য এটা বেশি প্রযোজ্য। কারণ আমরা যদি নিজেরা সুস্থ না থাকি, তাহলে রোগী সুস্থ করবো কিভাবে? এজন্য কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের নিয়ে যে আয়োজন করেছে এটা প্রশংসার দাবি রাখে। নিয়মিত শরীর চর্চা মানুষের মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি করে। পড়ালেখা বা পেশাগত চাপমুক্ত থাকতে শরীর চর্চা, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মযোগ্য ইতিবাচক ভূমিকা রাখে বলে মন্তব্য করেন তিনি।
সভাপতিত্ব করেন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সঞ্জয় সাহা। স্বাগত বক্তৃতা করেন উপাধ্যক্ষ অধ্যাপক ডা. সুষ্মিতা নার্গিস। আরও বক্তৃতা করেন মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. এএসএম রিজওয়ান, কমিউনিটি মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক মো: সিরাজুল ইসলাম ও বায়োকেমেস্ট্রি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মারুফা আখতার।
সঞ্চালনা করেন বায়োকেমেস্ট্রি বিভাগের প্রভাষক ডা. রুকসানা হাবিব। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন পঞ্চম বর্ষের শিক্ষার্থ নাবিলা নুহাত খান।
বাংলাদেশী এবং ভারতীয় শিক্ষার্থীরা দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করেন।
পরে কলেজ গ্রাইন্ডে ইনডোর ভলিবল, ক্রিকেট, ব্যাটমিন্টন, দাবা, ক্যারাম ও টেবিল টেনিস খেলায় অংশ নেন বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।
তারা এধরনের আয়োজনের জন্য কলেজ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।