নিজস্ব প্রতিবেদক যশোর;২২ আগস্ট ২০২৬, শনিবার: ফুলের রাজধানী খ্যাত যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালীতে ফুলচাষীদের স্বার্থে গদখালী রেলস্টেশন সংস্কার এবং সকল ট্রেনের যাত্রাবিরতির পূর্ণ দাবিতে শনিবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় ফুলচাষী ও ব্যবসায়ীদের আয়োজনে গদখালীতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিরা সুলতানা মুন্নী এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী আহম্মদ হোসেন মাসুম, ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাইফুল্লাহ, ওসি তদন্ত ইদ্রিস আলী।
এছাড়াও সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় ফুল ব্যবসায়ী এবং গদখালী ও পানিসারা ইউনিয়নের ফুলচাষীরা অংশ নেন।
বক্তারা বলেন, দেশের মোট ফুলের প্রায় ৭০ শতাংশই উৎপাদিত হয় গদখালী ও আশপাশের এলাকায়। কিন্তু রেলস্টেশনটি দীর্ঘদিন ধরে অবহেলিত থাকায় এবং ট্রেনের নির্ধারিত যাত্রাবিরতি না থাকায় ফুল পরিবহনে চাষীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এতে সময়মতো ফুল ঢাকাসহ দেশের বিভিন্ন বাজারে পৌঁছাতে না পারায় আর্থিক ক্ষতির মুখে পড়ছেন তারা।
সভা থেকে দ্রুত গদখালী রেলস্টেশনের অবকাঠামো সংস্কার, প্ল্যাটফর্ম সম্প্রসারণ এবং ঢাকা, খুলনা ও রাজশাহীগামী সকল যাত্রীবাহী ও মালবাহী ট্রেনের যাত্রাবিরতির দাবি জানানো হয়।
রেলওয়ের প্রধান প্রকৌশলী আহম্মদ হোসেন মাসুম চাষীদের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দেন। সংসদ সদস্য সাবিরা সুলতানা মুন্নী ও ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বলেন, ফুলচাষীদের এই ন্যায্য দাবি বাস্তবায়নে তারা সংসদে এবং মন্ত্রণালয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেবেন।
সভা শেষে একটি স্মারকলিপি রেলওয়ে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।