নিজস্ব প্রতিবেদক , যশোর:যশোর থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল রেডনিউজ.প্রেসের পরিচিতি সভা, আলোচনা অনুষ্ঠান ও সাংবাদিকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, দায়িত্বশীল ভূমিকা ও গণমাধ্যমে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে যশোরে কর্মরত পেশাদার সাংবাদিকদের এই সম্মাননা দেওয়া হয়।
বৃহস্পতিবার রাত নয়টায় শহরের সিটি প্লাজার রুফটপ কনফারেন্স রুমে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে রেডনিউজ.প্রেসের বিভিন্ন কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা, সাংবাদিকতার নীতি-নৈতিকতা এবং বস্তুনিষ্ঠ খবর প্রকাশের গুরুত্ব নিয়ে আলোচনা করেন বক্তারা।
রেডনিউজ.প্রেসের প্রকাশক ও সম্পাদক এস কে শাহাজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পত্রিকাটির উপদেষ্টা দিপু আলম, রাশেদ আব্বাস রাজ ও রফিকুল ইসলাম চৌধুরী সঞ্জয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেডনিউজ.প্রেসের ব্যবস্থাপনা সম্পাদক সুলতান আল মাহমুদ বিদ্যুৎ, সাইদুর রহমান বিপুল, রিয়াদুর রহমান ও উত্তম কুমার ধর। এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
আলোচনা পর্বে বক্তারা বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে মানুষের কাছে দ্রুত ও সঠিক খবর পৌঁছে দিতে অনলাইন গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে দ্রুত খবর প্রকাশের প্রতিযোগিতার চেয়ে সত্যতা, নিরপেক্ষতা, বস্তুনিষ্ঠতা ও পেশাদারিত্ব বজায় রাখাই মূল সাংবাদিকতা। সমাজের নানাবিধ অসংগতি তুলে ধরার পাশাপাশি ইতিবাচক ও জনকল্যাণমূলক সংবাদ প্রকাশের ওপরও গুরুত্ব দিতে হবে।
বক্তারা আরও বলেন, যেকোনো গণমাধ্যমের মূল চালিকাশক্তি হলো তার পাঠক এবং নিষ্ঠাবান সাংবাদিকেরা। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে ভূমিকা রাখা সম্ভব। রেডনিউজ.প্রেস আগামী দিনে আরও মানসম্মত, নির্ভরযোগ্য ও বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।
আলোচনা পর্ব শেষে সাংবাদিকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন দৈনিক লোকসমাজ পত্রিকার প্রধান ফটো সাংবাদিক হানিফ ডাকুয়া, দৈনিক স্পন্দন পত্রিকার ফটো এডিটর ও ফোকাস বাংলা নিউজ এজেন্সির নিজস্ব প্রতিবেদক মনিরুজ্জামান মুনির, দৈনিক লোকসমাজ পত্রিকার ফটো সাংবাদিক এম আর মিলন খান, দৈনিক রানার পত্রিকার ফটো সাংবাদিক আইয়ুব হোসেন মনা, দৈনিক বাংলার ভোর পত্রিকার প্রধান ফটো সাংবাদিক জয়ন্ত বসু, দৈনিক সকালের বার্তা পত্রিকার ফটো সাংবাদিক রতন সরকার, গ্লোবাল টেলিভিশনের প্রতিনিধ ওবাইদুল ইসলাম অভি, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ক্যামেরা পার্সন মোহাম্মদ শরীফ খান এবং দ্রব নিউজ ও দৈনিক সকালের বার্তার সাংবাদিক সাইফুল ইসলাম।
স্মারক প্রদানকালে আয়োজকেরা জানান, সাংবাদিকদের এ ধরনের স্বীকৃতি তাঁদের পেশাগত দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে। ভবিষ্যতে সাংবাদিকদের সঙ্গে নিয়ে গণমাধ্যমের মানোন্নয়ন ও পেশাগত বিকাশে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত অতিথি ও সাংবাদিকদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়। নৈশভোজের মধ্য দিয়েই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।