যশোর অফিস : আজ ১৮ আগস্ট ২০২৬ তারিখ ০৬৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি বিশেষ চৌকস আভিযানিক টহলদল যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা ব্রিজ এলাকা হতে ০১জন আসামীসহ ৩৫০ গ্রাম ওজনের ০২টি স্বর্ণের বার, ০১টি বাটন মোবাইল এবং নগদ ১১,৬০০/-টাকা আটক করে। আটককৃত ব্যক্তির শরীরে বিশেষভাবে লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বার গুলো পাওয়া যায়। আটককৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল দিয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বার নিয়ে যাচ্ছিল। আটককৃত ব্যক্তির নাম ও ঠিকানা-ওসমান গনি (৫০), পিতা-মৃত রজব বেপারী, গ্রাম-গোবিন্দল, ডাকঘর-সিংগাইর, থানা-সিংগাইর, জেলা-মানিকগঞ্জ। আটককৃত স্বর্ণের মূল্য ৭৭,৪২,০০০ টাকা ও ০১টি বাটন মোবাইল এর মূল্য ১,০০০ টাকা এবং নগদ ১১,৬০০ টাকাসহ সর্বমোট সিজারমূল্য ৭৭,৫৪,৬০০ (সাতাত্তর লক্ষ চুয়ান্ন হাজার ছয়শত) টাকা।
আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে আসামীকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, কিছুদিন যাবত বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। উক্ত স্বর্ণসহ পাচারকারী আটকের নিমিত্তে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে স্বর্ণসহ পাচারকারী আটক করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।