ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামের মহাসড়ক সংলগ্ন থেকে ভূঁইয়া বাড়ি জামের মজিদ পর্যন্ত সড়কটি দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে ইট ও মেরামতের কাজ না হওয়ায় বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। সাম্প্রতিক বৃষ্টিতে এসব গর্তে পানি জমে কাদামাটির সৃষ্টি হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার না হওয়ায় বর্ষা মৌসুমে চলাচল আরও কঠিন হয়ে পড়ে। বিশেষ করে পথচারী, শিক্ষার্থী, নারী ও বয়স্কদের কাদামাটির মধ্য দিয়ে চলাচল করতে হচ্ছে। যানবাহন চলাচলেও তৈরি হচ্ছে নানা সমস্যা।
এ অবস্থায় স্থানীয়দের দুর্ভোগের কথা বিবেচনা করে পূর্ব সদরদী গ্রামের মোঃ জিন্নাত আলী ভূঁইয়া নিজ উদ্যোগে ও ব্যক্তিগত অর্থে কাদামাটির ওপর মাটি বালু দিয়ে ভরাট করে সড়কটি চলাচলের উপযোগী করার উদ্যোগ নেন।৯ আগস্ট বিকেলে এই বালি দিয়ে ভরাট করতে দেখা গেছে।
স্থানীয়রা জানান, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের দাবি জানানো হলেও স্থায়ীভাবে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। সাময়িকভাবে হলেও জিন্নাত আলী ভূঁইয়ার উদ্যোগে মাটি ভরাট করায় মানুষের চলাচলে কিছুটা স্বস্তি ফিরেছে।
স্থানীয় এক বাসিন্দা বলেন, “দীর্ঘদিন ধরে রাস্তাটির অবস্থা খারাপ। বৃষ্টি হলে কাদার কারণে হাঁটাচলা করাই কঠিন হয়ে যায়। জিন্নাত আলী ভূঁইয়া নিজ উদ্যোগে মাটি দিয়ে রাস্তা চলাচলের উপযোগী করার চেষ্টা করেছেন—এতে আমরা উপকৃত হয়েছি।”
এলাকাবাসীর দাবি, ব্যক্তিগত উদ্যোগে সাময়িকভাবে সমস্যার সমাধান হলেও সড়কটির স্থায়ী সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। দ্রুত ইট, খোয়া ও প্রয়োজনীয় উপকরণ দিয়ে সড়কটি সংস্কার করা হলে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবেন স্থানীয়রা।