মানবপাচারকারীদের বিচারের দাবিতে ভাঙ্গায় মানববন্ধন
মোঃ রিপন শেখ ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: বিদেশে উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে এক যুবককে ইতালির পরিবর্তে লিবিয়ায় নিয়ে জিম্মি করে নির্যাতন এবং পরিবারের কাছ থেকে প্রায় ৬৫ লাখ টাকা আদায়ের অভিযোগে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের সামনে মানবপাচার প্রতিরোধে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগীর স্বজনরা।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১টায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, “মানবপাচারকারীরা শুধু অর্থ লুট করছে না, তারা মানুষের জীবন ও পরিবারের স্বপ্ন ধ্বংস করছে। এদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা না নিলে আরও নিরীহ মানুষ প্রতারণার শিকার হবে।” এ ব্যাপারে ভুক্তভোগী জানান, উত্তর কালামৃধা গ্রামের বজলু বেপারীর ছেলে সোহাগ বেপারী (৩২) প্রায় ৯ মাস আগে ইতালিতে যাওয়ার উদ্দেশ্যে দেশ ছাড়েন। তবে ইতালিতে নেওয়ার পরিবর্তে তাকে লিবিয়ায় নিয়ে একটি মানবপাচারকারী চক্রের হাতে জিম্মি করা হয় বলে অভিযোগ করা হয়।
পরিবারের দাবি, সেখানে সোহাগের ওপর অমানবিক নির্যাতন চালানো হয়। তাকে মারধর, বৈদ্যুতিক শক দেওয়া এবং শরীরের বিভিন্ন স্থানে আগুন দিয়ে পুড়িয়ে আহত করা হয়। নির্যাতনের ভিডিও ধারণ করে মোবাইল ফোনে পরিবারের কাছে পাঠিয়ে তাকে হত্যা করা হবে বলে ভয় দেখিয়ে একাধিক দফায় টাকা আদায় করা হয়। সব মিলিয়ে প্রায় ৬৫ লাখ টাকা নেওয়া হয়েছে বলে পরিবারের অভিযোগ।
তারা আরো জানায়, মাদারীপুর জেলার রাজৈর উপজেলার দক্ষিণ চাঁনপুটি গ্রামের জুলফিকার খালাসীর দুই ছেলে সুমন (৪০) ও সামিন (৩৫) ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে বিভিন্ন প্রতারণার সাথে জড়িত।তাদের দাবি, দীর্ঘদিন ধরে বিদেশে পাঠানোর নামে বিভিন্ন মানুষের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
মানববন্ধনে বক্তারা বলেন, “বিদেশে কর্মসংস্থানের নামে প্রতারণা ও মানবপাচার বন্ধে কঠোর অভিযান চালাতে হবে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভুক্তভোগীর কাছ থেকে আদায় করা অর্থ ফেরত নিশ্চিত করতে হবে।”
এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।