ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এক স্কুলছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত, প্রেমের প্রস্তাব দেওয়া এবং পথরোধ করে হয়রানির অভিযোগে মাহামুদুল হাসান রিফাত (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত মাহামুদুল হাসান রিফাত দক্ষিণকান্দা গঙ্গাধরদী গ্রামের মৃত মাইন উদ্দিন আকনের ছেলে। মামলার তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. আসাদ শেখ জানান, গত ১৮ জুলাই ২০২৬ ভোর ৩টা ৩০ মিনিটে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়।
মামলার এজাহার ও পুলিশের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভুক্তভোগী মারিয়া আক্তার (১২) স্থানীয় পদ্মা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। অভিযোগ অনুযায়ী, স্কুলে যাওয়া-আসার পথে অভিযুক্ত রিফাত বিভিন্ন সময় তাকে উত্ত্যক্ত করতেন এবং প্রেমের সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করতেন। এছাড়া কয়েকজন অজ্ঞাত সহযোগীকে সঙ্গে নিয়ে স্কুলের পথে অবস্থান করে ডাকাডাকি ও জোরপূর্বক কথা বলারও অভিযোগ রয়েছে।
এজাহারে আরও বলা হয়, মারিয়া আক্তার অভিযুক্তের প্রস্তাব প্রত্যাখ্যান করে বিষয়টি তার মাকে জানায়। পরে তার মা অভিযুক্তকে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলেন এবং তার অভিভাবকদের বিষয়টি অবহিত করেন। তবে অভিযোগ অনুযায়ী, এরপরও উত্যক্ত করার ঘটনা বন্ধ হয়নি।
পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়। তদন্তের একপর্যায়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।