নিজেস্ব প্রতিনিধি:পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন কার্যক্রমকে এগিয়ে নিতে বাংলাদেশ সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগের অংশ হিসেবে যশোরের ঝিকরগাছার বাঁকড়া হাজিরবাগ আইডিয়াল গার্লস স্কুল এন্ড কলেজে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি কর্মসূচি-২০২৬’ বাস্তবায়ন উপলক্ষে বৃক্ষরোপণ ও সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্মার্ট ছাত্রনেতা, সমাজসেবক ও প্রতিষ্ঠানের সভাপতি মোঃ আব্দুল্লাহ আল মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নং হাজীরবাগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক মোঃ জামশেদ আলী। এছাড়াও উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য মোঃ আসাদুজ্জামান, সুধীজন মোঃ সাগর হোসেনসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা মণ্ডলী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, অফিস সহায়ক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়।
প্রতিষ্ঠানের সভাপতি মোঃ আব্দুল্লাহ আল মামুন তার বক্তব্যে বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। বাংলাদেশ সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগকে বাস্তবায়নে প্রত্যেক শিক্ষার্থীকে ন্যূনতম একটি করে গাছ লাগানোর পরামর্শ দেন তিনি। পাশাপাশি লাগানো গাছের সঠিক পরিচর্যা করার জন্যও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সামাজিক ও পরিবেশগত দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে। প্রতিষ্ঠানের সুনাম ও সম্মান অক্ষুণ্ন রাখতে মনোযোগ দিয়ে পড়াশোনা করে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে মোঃ জামশেদ আলী বলেন, গাছ আমাদের জীবন ও প্রকৃতির জন্য অপরিহার্য। বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব। তিনি প্রত্যেক শিক্ষার্থীকে গাছ লাগানোর পাশাপাশি নিয়মিত পরিচর্যা করার পরামর্শ দেন।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধু বৃক্ষরোপণ নয়, ভালোভাবে লেখাপড়া করে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করতে হবে। নৈতিক শিক্ষা গ্রহণ করে আদর্শ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি বৃক্ষরোপণের বিকল্প নেই। শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করাই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য।
প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান বলেন, শিক্ষার্থীদের পাঠ্য শিক্ষার পাশাপাশি সামাজিক ও পরিবেশগত দায়িত্ব সম্পর্কে সচেতন করে গড়ে তুলতেই এ ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও পরিবেশবান্ধব বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে।